রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হুসেইন শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। প্রায় ঘণ্টাখানেক আগে লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
এডিসি জাহিদ হাসান বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। বিস্তারিত তথ্য জানা মাত্রই জানানো হবে।










