নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সিলিন্ডারের লিকেজ থেকে রান্নাঘরে জমা গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের দুই শিশুসহ চারজন। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইলের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান।

দগ্ধরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দার জাহিদ হাসান (৪০), তার স্ত্রী রুমা বেগম (২৭), পঞ্চম শ্রেণীপড়ুয়া মেয়ে লাবণী আক্তার (১১) ও দ্বিতীয় শ্রেণীপড়ুয়া ছেলে মো. ইয়াসিন (৮)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন জানান, জাহিদ হাসানের ২৯ শতাংশ, রুমার ২৩, লাবণীর ২২ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ রুমা বেগম জানান, ডগরগাঁও এলাকায় এক কক্ষের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তারা। গতকাল সকালে রান্নাঘরে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই আগুন জ্বলে ওঠে। তার চিত্কার শুনে এগিয়ে এলে স্বামী ও দুই সন্তানও দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।