আগামী ৬ অক্টোবর বাংলাদেশে উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস। এবারের প্রতিপাদ্য, ‘আরবান ক্রাইসিস রেসপন্স’ বা বাংলায় ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সকাল ১০টায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ গোয়েন লুইস।
৬ ও ৭ অক্টোবর দুইদিনব্যাপী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর ও সংস্থা তাদের আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে। আলোচনা অনুষ্ঠানে থাকবে তিনটি প্রবন্ধ পাঠ করা হবে।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে ৬ অক্টোবর সকাল সাড়ে ৮টায় র্যালি আয়োজন করা হয়েছে, যা জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে। পাশাপাশি জেলা ও বিভাগ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি, স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হবে।
নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৮৬ সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।










