বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘গত ৫৪ বছরে কোনো দিন দেখিনি স্বাধীনতা দিবসে একটা মিছিল করতে। যখন অন্তর্বর্তী সরকার অক্টোবর-নভেম্বরে একটি নির্বাচনের কথা বলা শুরু করলেন, তখন আপনাদের মুখে রাম রাম। আবার শুনি স্থানীয় সরকার নির্বাচন। সংস্কারের পর নির্বাচন কিসের ইঙ্গিত? স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন। কোথায় ছিলেন ১৬ বছর?’

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশে এসব প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা। ‘জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও পবিত্র মাহে রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি’ শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের আজকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত।’ এ সময় তিনি জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন কীভাবে নিজেদের দেশপ্রেমিক দাবি করে? ১৬ বছর ধরে আপনারা কী করেছেন? দেশের উন্নয়নে কী ভূমিকা রেখেছেন? এসব প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘আমরা শুনেছি আপনাদের একটা পত্রিকার মাধ্যমে ১৯৭১ সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম, তাদেরকে অমুসলিম বলা হয়েছে। আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। এখন আবার এ ষড়যন্ত্র কেন? বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ১৬ বছর আমরা হাসিনার কাছে মাথা নত করিনি। এখনো এ সরকারকে সমর্থন দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না।’

আওয়ামী লীগের সঙ্গে একাত্মতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী আপনারাও আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা করে নির্বাচনে অংশ নিয়েছিলেন, পরিণামে কী পেয়েছেন? আপনাদের শীর্ষ নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে।’