গত বছরের ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে আগ্রাবাদের কমার্স কলেজ রোডের একটি বাসা থেকে তাকে আটক করে ডাবলমুরিং থানা পুলিশ। এ সময় টিপুর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার কাছে আরো অস্ত্র থাকতে পারে বলে আমরা ধারণা করছি। সেজন্য অভিযান চালানো হচ্ছে।
তিনি আরো জানান, জুলাই গণ-অভ্যুত্থান প্রতিহত করার জন্য মোস্তফা কামাল বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করেছিল এমন অভিযোগের তথ্য আছে পুলিশের কাছে। আমরা তাকে জিজ্ঞাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেব। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।










