নারায়ণগঞ্জে মহাসড়কসহ সব সড়কে সিএনজি চালানোর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক মোড় ও সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় চালকদের এ বিক্ষোভে তীব্র যানজটের সৃষ্টি হয়। চার কিলোমিটার এলাকাজুড়ে আটকা পড়ে শত শত যানবাহন। এতে যাত্রী ও চালক-শ্রমিকরা ভোগান্তিতে পড়েন।
নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক-চালক সমিতির ব্যানারে শত শত চালক মহাসড়কে নেমে এই অবরোধে অংশ নেন। তারা জানান, সব মহাসড়কে সিএনজি চালাতে দেয়া ও গাড়ির বিরুদ্ধে মামলা না দেয়ার দাবিতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।
চালকরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা টাকার বিনিময়ে কিছু সংখ্যক গাড়ি চলতে দিলেও সব সিএনজিকে মামলা দিচ্ছেন। রেকার বিলের নামে ও মামলার ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে চালকরা এ সময় প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, চালকরা মহাসড়ক ব্যারিকেড করেছিল। পরে পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, চালকরা মহাসড়কে সিএনজি চালানোর অনুমতি চেয়েছেন। তাদের জানানো হয়েছে দাবির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তারা এ আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










