সুনামগঞ্জের শান্তিগঞ্জে উরস মাহফিল থেকে ফেরার পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো তিন যাত্রী। নিহতরা হলেন— সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুলভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসেন (৩৩)।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিলেট বিশ্বনাথ এলাকার ইশবপুর সাহেববাড়ি উরস মাহফিল থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট- সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের (ঢাকা-ব ১১৮৬৬২) সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সিএনজির চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী নূর ও জমির হোসেন নামের দুই যুবককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন— একই গ্রামের আলী আকবর (৩০), আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।

এদিকে দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভিড় জমান স্বজনরা।

দুর্ঘটনা পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ ওসি আব্দুর রশীদ সরকার।