রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাংচুর করেছে একদল বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও জিলা স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি প্রথমে হাতুড়ি ও লাঠি দিয়ে ভাংচুর করা হয়। এরপর একটি বুলডোজার এনে সেটি পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দিয়ে চত্বরটিকে ‘মুক্তমঞ্চ’ হিসেবে ঘোষণা করেন।

এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ ঘোষণা করেন। পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলকও অপসারণ করা হয়। পরে বিক্ষোভকারীরা ভাঙা ম্যুরালের সামনে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র দাহ করেন।

একই রাতে, নগরীর কলেজ রোডের লালবাগ এলাকা থেকে একদল শিক্ষার্থী কারমাইকেল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। তারা মূল ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি লাঠি, হাতুড়ি ও কুড়াল দিয়ে ভাংচুর করেন। পরে রাত পৌনে ১টার দিকে জিলা স্কুল মোড়ে স্থাপিত আরেকটি ম্যুরালও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন, তারা ফ্যাসিবাদের প্রতীক মুছে ফেলার আন্দোলন করছেন।

সংগঠনটির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা ফ্যাসিবাদের চিহ্ন সরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে।

এদিকে ঘটনার পর নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলা, গণহত্যার বিচার ও একটি রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবি জানানো হয়।

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।