নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টোপথে যান চলাচলে বাধা দেয়ায় হামলার শিকার হয়েছেন ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় মো. সুলতান আহমেদ নামে ওই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযুক্ত হামলাকারী নিলুফা বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ট্রাফিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক একেএম শরফুদ্দিন।

আজ সোমবার (৬ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। মামলায় নিলুফা বেগমসহ হামলার আরো কয়েকজন সহযোগীকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এ সময় উল্টোপথে একটি ব্যাটারিচালিত রিকশা আসতে দেখে তিনি পথ আটকান। দ্রুত গাড়ি থামানোয় আরোহী নিলুফার হাতের মোবাইল ফোনটি ছিটকে পড়ে ভেঙে যায়। কনস্টেবল সুলতানের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন অভিযুক্ত নারী। ওই পুলিশ সদস্যকে মারধরও করেন তিনি। তার সঙ্গে হামলায় যোগ দেয় আরো কয়েকজন। পরে স্থানীয়রা সুলতানকে উদ্ধার করে অভিযুক্ত নারীকে আটকে রাখে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গিয়ে ওই নারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

পরিদর্শক একেএম শরফুদ্দিন জানান, আহত কনস্টেবল সুলতান হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই দিলিপ কুমার বাদী হয়ে একটি মামলা করেছেন। আজ দুপুরে গ্রেফতার নিলুফাকে আদালতে পাঠানো হয়েছে।