মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) রকিবুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।  এই নিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন সাত জন।

আজ বুধবার (৬ মে) ব্যাংকের ওই শাখা লকডাউন ঘোষণা ও ব্যাংকের অন্য স্টাফদের আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য  উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে,  ম্যানেজার রকিবুল ইসলামের গ্রামে বাড়ি কুষ্টিয়ায়। দৌলতপুর উপজেলা ডাকবাংলোতে থেকে তার কর্মস্থলে দায়িত্ব পালন করে থাকেন। তার স্ত্রী ও সন্তান বসবাস করেন ঢাকার মিরপুরে। তবে মাঝে মধ্যে মিরপুরের বাসা থেকেও তিনি কর্মস্থলে আসতেন।

রোববার (৩ মে) মিরপুরের বাসা থেকে তিনি দৌলতপুরে ডাকবাংলোতে আসেন এবং সোমবার পর্যন্ত কর্মস্থলে আসেন। সোমবার সকাল থেকেই তিনি জ্বর ও কাশিতে আক্রান্ত হন। এরপর নিজেই দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানে তার নমুনা সংগ্রহ করে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ (বুধবার) সকালে পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজেটিভ এসেছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী বলেন, ওই ব্যাংক কর্মকর্তা এখন মিরপুরের বাসায় আইসোলেশনে আছেন। শাখার বাকি স্টাফদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে, জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, আজ দুপুর পর্যন্ত জেলায় মোট ৮৫৩ জন ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮২১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে এ পর্যন্ত ২২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে আক্রান্ত ব্যাংক কর্মকর্তাকে ঢাকার তালিকায় দেখানো হয়েছে।