চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ৩৯৩ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। সব মিলিয়ে ১ হাজার ২৩৬ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
আজ রোববার (১৬ নভেম্বর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এ বছর ২৮ হাজার ৩৪১ পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ১ হাজার ২৩৬টি উত্তরপত্রে গ্রেড পরিবর্তিত হয়েছে।
তিনি জানান, এ তালিকায় ফেল থেকে পাস করেছে ৩৯৩ জন শিক্ষার্থী। গ্রেড পরিবর্তনে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। ১০ জন শিক্ষার্থীর একের অধিক বিষয়ে ফলাফল পরিবর্তন হয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড জানিয়েছে, গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
উল্লেখ্য, চলতি বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন।










