নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক বলেন, আমরা তথ্য পেয়ে হাজীগঞ্জ ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ সময় তার পরনে ছিল শার্ট ও প্যান্ট। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো বলেন, সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।










