জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করবেন আজ। এ রায় ঘোষণা ঘিরে গতকাল ও আজ শাটডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচি ঘিরে শনিবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হয়। অন্যদিকে কয়েকটি স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ও জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

এছাড়া রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

গতকাল রাত ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তেজগাঁও থানা পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। আর কলাবাগান থানার দাবি, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।

এছাড়া রাতে মেট্রোরেলের পল্লবী স্টেশনের নিচে, বাড্ডায় ও গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

KK

এদিকে গতকাল সকাল ৮টার পর রাজধানীর ইস্কাটনে হাতবোমা বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম আব্দুল বশির। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে অফিসে যাওয়ার পথে তিনি হাতবোমা হামলার শিকার হন। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে রাখা ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী একটি বাসে গানপাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে আগুন দেয়া হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, ‘হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্ক করা একটি বাসে আগুন দেয়া হয় শনিবার রাতে। রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’ তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে শনিবার রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনে ও সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনে গতকাল ভোর পৌনে ৪টার দিকে আগুন দেয়া হয়। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

এদিকে সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয়া হয়েছে। শনিবার গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এসব ঘটনা ঘটে বলে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ জানিয়েছেন।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।’

ফায়ার সার্ভিসের সদস্য জুনাইদ বলেন, ‘রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে বাসে আগুন দেয়ার খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি তৎক্ষণাৎ স্টেশন থেকে ছেড়ে যায়।’

ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, রাতে চালক কাভার্ড ভ্যানটি সড়কের পাশে পার্ক করে বাসায় চলে যান। পরে অজ্ঞাত দুর্বৃত্তরা ভ্যানটিতে আগুন ধরালে পুরো গাড়িটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও সফল হননি।

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল সকালে ট্রাকটিতে আগুন দেয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দেয়। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। আগুন দেয়ার পর একজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘অগ্নিসংযোগের সময় গাড়ির ভেতর চালক ও সহযোগী ঘুমাচ্ছিলেন। তারা টের পেয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হয়নি।’

এদিকে গাজীপুরের শ্রীপুর, বগুড়ার শেরপুর ও লক্ষ্মীপুর সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, ‘শনিবার রাত ২টার দিকে ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। আমি ও আরো চারজন কর্মী ভেতরে ঘুমাচ্ছিলাম। বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এতে ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে গেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে শ্রীপুর থানা ও মাওনা পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।’

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। শেরপুর থানার ওসি মইন উদ্দিন জানান, শনিবার গভীর রাতে উপজেলার গাড়িদহ বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যাওয়ায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের চেষ্টা ও ব্যাংকের প্রহরীদের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ব্যাংকের শাখা ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, ‌‘আগুন দেয়ার সঙ্গে সঙ্গে প্রহরী দেখতে পান। পরে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।’

এদিকে মাদারীপুরের ডাসারে একাধিক গাছ কেটে সড়কে ফেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। রোববার ভোর ৬টা থেকে উপজেলার গোপালপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে গাছ সরিয়ে ফেললে ঢাকা-বরিশাল রুটে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সটকে পড়ে।’

এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার রাত ৩টার দিকে এ ঘটনার পর প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় খুলনাগামী হা-মীম পরিবহনের একটি বাস সড়কের ওপর ফেলে রাখা গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হননি।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলেন। ভোর ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’

এদিকে ফেনীর ট্রাংক রোডের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল ভোরে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের একটি অংশ পোড়া অবস্থায় দেখতে পান।

স্থানীয় দোকানি ফারুক বলেন, ‘সকালে দোকান খুলে দেখি ধোঁয়ার গন্ধ। কাছে গিয়ে দেখি, স্মৃতিস্তম্ভের ফ্লোর আর অক্ষর পুড়ে গেছে। এটি যে ইচ্ছাকৃত, তা বুঝতে বেশি সময় লাগে না।’

ফেনী মডেল থানার ওসি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এটিকে প্রাথমিকভাবে ক্রিমিন্যাল অ্যাক্ট হিসেবেই দেখছি।’

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা