যশোরের চৌগাছায় ইউনিক ওয়ার্ল্ড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান অ্যাপসের মাধ্যমে আইডি খুলে এবং সুপারশপ ‘ইউনিক মার্ট ও ইউনিক রেস্টুরেন্ট’ খুলে উপজেলার অর্ধশত গ্রাহকের প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে চৌগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বাড়ীয়ালী গ্রামের বাসিন্দা ও ফটোকপি ব্যবসায়ী আব্দুর রশিদ রাজু।

লিখিত বক্তব্যে বলা হয়, ইউনিক ওয়ার্ল্ড লিমিটেড নামের ই-কমার্স প্রতিষ্ঠান যার প্রধান কার্যালয় ঢাকার মালিবাগ রেল গেটে (আয়েশা কমপ্লেক্স-৩য় তলা)।  প্রতিষ্ঠানটি দেশের ৬৪ জেলায় সুপারশপ, রেস্টুরেন্ট, কোমলপানীয় প্রতিষ্ঠান, জুতার কারখানা ইত্যাদি প্রতিষ্ঠা করে সেখান থেকে লভ্যাংশ দেয়ার নাম করে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে। তারা চৌগাছা শহরের প্রধান বাসস্ট্যান্ডে পুরনো সোনালী ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় ইউনিক মার্ট ও ইউনিক রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠান খুলে বসে। ই-কমার্স প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষ ও চৌগাছার ডিভাইন কফি শপে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করে। তারা মূলত চৌগাছার স্থানীয় কিছু অসাধু লোক দিয়ে তাদের এ কার্যক্রম পরিচালনা করত। তবে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।