বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী সব সময় মুনাফেকি করেছে। তিনি বলেন, বিএনপির উদারতার কারণে তারা দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। কিন্তু দলটি কখনোই বিশ্বাসযোগ্যতা বজায় রাখেনি।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি কখনো জামায়াতকে সমর্থন করেনি। বরং বিএনপির উদারতার কারণেই দলটি বাংলাদেশে রাজনীতি করতে পেরেছে। কিন্তু তারা সব সময় প্রতারণা করেছে।
তিনি আরো বলেন, যে দল ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, সেই দল এখন আওয়ামী লীগকে মাফ করার কথা বলছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আবু সাঈদ, মুগ্ধদের রক্তকে কিভাবে মাফ করবেন?
বিএনপি নেতা বলেন, শেখ হাসিনা পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলছেন, উসকানি ছড়াচ্ছেন। অথচ জামায়াত এখন সেই ভারতকে আপন করে নিয়েছে। এটি দুঃখজনক ও লজ্জার বলে মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় বিএনপি নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।
অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতারা এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।










