বিএনপিতে যোগদান করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী, রাকসুর সাবেক ভিপি এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য অধ্যাপক আবু সাইয়িদ। গতকাল বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য প্রতিমন্ত্রী হন। পরে ২০০১ সালে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে হেরে যান। এরপর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের শামসুল হক টুকুর কাছে হেরে যান।

১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে তিনি এমএনএ নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পাবনা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে পাবনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন।