ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়ালচাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মিশু (১০) ও তার ভাই রাফিন (১২)। তারা উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. মন্নাফ মিয়ার সন্তান। এ ঘটনায় মন্নাফ (৪২) তার আরেক মেয়ে ইসু (১০) এবং স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে খাওয়ার পর মন্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে পড়ে। হঠাৎ পাশের আরেকটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল তাদের ঘরের ওপর ধসে পড়ে। এতে তারা পাঁচজন চাপা পড়ে আহত হন। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।