রাজধানীতে বেলা সাড়ে ১১টার পর থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে বেশির ভাগ অফিস ছুটি হয়ে গেলেও ভোগান্তিতে পড়েছেন ঢাকা ছাড়তে থাকা মানুষ। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাস অনুসারে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
রাজধানী ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা দমকা আকারে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
তবে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জসহ রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
২৬-২৯ মে পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
২৭-২৮ মে সারাদেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কিছুটা হ্রাস পেতে পারে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুসারে, বৃষ্টিপাতের এ প্রবণতা আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের ঝুঁকি থেকে যাচ্ছে।










