সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহজাহান মল্লিক নামে একজনের বিরুদ্ধে। রোববার দিবাগত রাতে তালা উপজেলার পাটকেলঘাটার জগনান্দকাটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম মন্তাজ মল্লিক (৩৫)। তিনি ওই গ্রামের মজিদ মল্লিকের ছেলে। এ ঘটনায় মন্তাজ মল্লিকের স্ত্রী মারুফা আক্তার গতকাল পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শাহজাহান মল্লিকসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, নিহতের বাবা মজিদ মল্লিক তার ছেলেদের মধ্যে জমি ভাগ-বাটোয়ারা করে দিয়েছেন। বণ্টনকৃত জমির সীমানা ও অবস্থান নিয়ে কয়েক মাস ধরে বড় ভাই শাহজাহান মল্লিক ও ছোট ভাই মন্তাজ মল্লিকের বিরোধ চলছিল। মন্তাজ মল্লিক পাটকেলঘাটা বাজারের একটি গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। রোববার রাত ১১টার দিকে কাজ শেষে তিনি বাড়ি ফেরার পথে শাহজাহান মল্লিক তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।










