ঈদের দীর্ঘ ছুটিতে নতুন রূপে ধরা দিয়েছে রাজধানী ঢাকা। চিরচেনা যানজট, হর্নের শব্দ আর ব্যস্ততার চাপ পেরিয়ে নগরজুড়ে এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। সড়কগুলো ফাঁকা, স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। ঈদুল আজহা উপলক্ষে গতকাল থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়তে শুরু করেন। ফলে ব্যস্ত নগরী ঢাকার চিরচেনা যানজট ও কর্মচাঞ্চল্যে এখন অনেকটাই ভাটা পড়েছে।
ছুটির দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে চিরচেনা যানজট চোখে পড়েনি। ফলত রাজধানী ঢাকা অনেকটাই নিরিবিলি শহরে পরিণত হয়েছে। সাধারণ সময়ে যেসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়, সেগুলোরও অধিকাংশই ছিল প্রায় ফাঁকা। তবে কোথাও কোথাও যানবাহন কিছুটা বেশির কারণে গাড়ির কিছুটা ধীরগতি লক্ষ্য করা গিয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে গণপরিবহন চলাচল অনেকটা কম। বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে। কোনো কোনো বাসের আসন ফাঁকা রেখেই চলাচল করতে দেখা গেছে। তবে ঈদের আমেজে বিভিন্ন রুটে বাস, সিএনজি কিংবা অটোরিকশায় বাড়তি ভাড়া নেয়া হচ্ছে।
বাসের চালক ও হেলপাররা বলছেন, ছুটির কারণে রাজধানীবাসীর বড় অংশ ঢাকা ছাড়ছে এতে সড়কে লোকাল যাত্রীর চাপ কম। সেজন্য অনেকে সড়কে গাড়ি বের করেননি। আবার রাজধানীর কোনো কোনো লোকাল বাস স্বল্প দূরত্বের জেলাগুলোতে ঘরমুখো যাত্রী পরিবহন করছে। সেজন্যও সড়কে কিছুটা গাড়ির চাপ কমেছে।
উত্তরা-এয়ারপোর্ট-বাড্ডা হয়ে গুলিস্তান রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিক বাসের হেলপার বলেন, সাধারণ দিনগুলোয় বাসের সিট পূর্ণ হয়েও যাত্রীদের দাঁড়ানোর জায়গা থাকে না। কিন্তু ছুটির কারণে সড়কে যাত্রী খুবই কম। কোনো কোনো সময় আসন ফাঁকা নিয়েই যেতে হচ্ছে।










