জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে আজ সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।’

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের প্রতিফলন। বহুপক্ষীয় কূটনীতি, শান্তি, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের সক্রিয় ভূমিকারও এটি স্বীকৃতি।

মিডিয়া ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘এবারের অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ এতে জাতিসংঘ সংস্কার, পরবর্তী বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার প্রস্তুতি এবং নতুন মহাসচিব নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।’

তার ঘোষিত ছয়টি অগ্রাধিকারের মধ্যে রয়েছে—শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার; টেকসই উন্নয়ন ও এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত করা; জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সুরক্ষা; মানবাধিকার, মানবিক সহায়তা ও অভিবাসন; ডিজিটাল শাসন ও প্রযুক্তি; এবং নবায়িত বহুপক্ষীয়তা ও জাতিসংঘ সংস্কার।

এদিকে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ অর্জন বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন।’

তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান বাংলাদেশকে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।