পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে ইসমাইল হোসেন সুজন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত সুজন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ২০ এপ্রিল স্ত্রী জ্যোৎস্না বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন সুজন। পরে স্ত্রীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রেখে তিনি পালিয়ে যান। এ ঘটনায় একই বছর ২২ এপ্রিল লক্ষ্মীপুর সদর থানায় বাদী হয়ে  মামলা করেন নিহতের বাবা বাহার উদ্দিন। মামলার তদন্ত শেষে সে বছর ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।