বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ২২ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। ঢাকায় চিকিৎসাধীন আছেন ডিজিএম মাসুদুল আলম। এ অবস্থায় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ও অ্যাডভান্স ডিপার্টমেন্টেরর কাজ আংশিক বন্ধ রয়েছে।
বেসিক ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ভারপ্রাপ্ত ব্রাঞ্চ ইনচার্জ ও এজিএম আব্দুল্লাহ হান্নান হাওলাদার বলেন, তাদের ২২ জন কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কয়েকজন সুস্থ হয়েছেন এখনও ১৭ জন অসুস্থ রয়েছেন।
কয়েকজন গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে জানান, করোনা আক্রান্তরা প্রত্যেকেই ব্যাংকে কাজ করেছেন এবং আক্রান্ত হয়েছেন তাদের মাধ্যমে। কতজন গ্রাহক আক্রান্ত হয়েছে সেটির হিসাব নেই। কিন্তু ব্যাংকটিতে এতজন কর্মকর্তা আক্রান্ত হওয়ার পরও সামাজিক দূরত্ব নিশ্চিত বা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
তারা বলছেন, ডেস্কে লোক না দেখে পাশের জনকে জিজ্ঞাসা করে জেনেছেন যে অসুস্থ। কিন্তু করোনা আক্রান্ত তা বলেনি।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, এখন ব্রাঞ্চ বন্ধ রাখার আইনি কোনো ব্যবস্থা নেই। কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে নিতে হবে। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও পরীক্ষা করতে হবে। পাশাপাশি ব্রাঞ্চের ভিতরে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, শুধু বেসিক ব্যাংক খুলনা ব্রাঞ্চ নয়, মহানগরীর কোনো ব্যাংকেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত হচ্ছে না। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযান পরিচালনা করা হবে।









