সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে শিগগির প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, সংলাপ নয়, আজকের লক্ষ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে আলোচনা। মূলত এটাকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে বিবেচনায় নিয়েছি। এখানে ২৭টির বেশি দল ও জোট মিলিয়ে ১০০ জনের বেশি নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৩২ জন কথা বলেছেন।
তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে যেটি স্পষ্ট হয়েছে, তা হলো- তারা মনে করে, জাতীয় ঐক্য রক্ষার কোনো বিকল্প নেই। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা দৃঢ়চিত্ততা প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সাহায্য-সহযোগিতা করবেন ও অংশ নেবেন। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকে রাজনৈতিক দল হিসেবে, সমাজের নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এ সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করব।
ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আমরা আশা করছি, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব। জোটগতভাবেও কথা বলব। হয়তো একপর্যায়ে সবাই একত্রিত হয়ে আবার ফিরে আসব। এ প্রক্রিয়া আমরা দীর্ঘসূত্রী করতে চাই না, অল্প কিছু দিনের মধ্যেই এটা করতে পারব। এই প্রক্রিয়া অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে- যেসব প্রতিবেদন দেয়া হয়েছে, তাদের কাছে সেগুলোর হার্ডকপি দ্রুত পৌঁছে দেয়ার জন্য ব্যবস্থা নিতে। সর্বোপরি ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো কোনো রকম দ্বিধার সুযোগ নেই। সে আলোকে খুব দ্রুত আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অগ্রসর হতে চাই।










