অপারেশন ডেভিল হান্টের আওতায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলসহ মুজিবনগর থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা। তাদের নামে মুজিবনগর থানায় মামলা রয়েছে।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের আওতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুজিবনগর থানার একাধিক টিম অভিযান চালায়। এ সময় মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহসভাপতি আরোজ আলী (৫০), মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহেল আহম্মেদ (৩১) এবং বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়। একই অভিযানে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মুজিবনগর কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলকে (৫২)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া চারজন একই মামলার আসামি। তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে।










