নাটোরে চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ মামলায় ইয়াকুব আলী (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল সকালে নাটোর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এ আদেশ দেন। ইয়াকুব আলী লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার এসকেন আলীর ছেলে।
মামলা সূত্র জানায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় ইয়াকুব আলী নামে এক ব্যক্তি শিশু দুটিকে চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ডেকে নিয়ে যায়। এ সময় ইয়াকুব আলী শিশু দুটিকে ধর্ষণ করে।
পরে রক্তাক্ত অবস্থায় শিশু দুটি তাদের অভিভাবককে জানালে মুমূর্ষু অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে শিশু দুটি সুস্থ হয়ে উঠলে ওই বছরের ৩১ ডিসেম্বর লালপুর থানায় ইয়াকুব আলীকে আসামি করে ধর্ষণ মামলা করে শিশু দুটির অভিভাবক।









