নারায়ণগঞ্জ নগরের নলুয়াপাড়া এলাকায় বকেয়া বাড়ি ভাড়া আদায়কে কেন্দ্র করে বাড়িওয়ালার  মারধরে ভাড়াটিয়া মেহেদী হাসানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।  ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়িওয়ালা রানা মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেদী হাসানের ছেলে আল আমীনের কাছ থেকে তার বাড়িওয়ালা রানা মিয়া প্রতি মাসে দেড় হাজার টাকা ঘরভাড়া নিতেন। করোনার কারণে ভাড়া বকেয়া পড়ে যায়। বকেয়া ভাড়া নিয়ে তর্কের এক পর্যায়ে জন্য আল আমীনকে মারধর করতে থাকলে বাধা দেন বাবা মেহেদী হাসান। এসময় রানা মিয়া মেহেদী হাসানকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে নিস্তেজ হয়ে যান তিনি। স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আল আমীন অভিযোগ করেন, পাওনা টাকার জন্য বাড়িওয়ালা তাকে মারধর করছিল। খবর পেয়ে তার বাবা মেহেদী হাসান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা রানা ও তার পরিবারের লোকজন মিলে পিটিয়ে হত্যা করে তার বাবা মেহেদী হাসানকে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রানা ও তার পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।