তাঁত ও বস্ত্র পেশাজীবীদের সংগঠন লক্ষ্মীপুর থানা তন্তুবায় সমবায় সমিতি লিমিটেডের আবাসিক ভবন নির্মাণ ও ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের তদন্তে নেমেছে সমবায় অধিদপ্তর। লক্ষ্মীপুর পৌর মেয়র এমএ তাহেরের বিরুদ্ধে আনা এসব অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে কমিটি। ২৯ ডিসেম্বর দুপুরে লক্ষ্মীপুর হাসপাতাল রোডের তন্তুবায় সমিতির কার্যালয়ে আসেন সমবায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় প্রধান (যুগ্ম নিবন্ধক) আশিষ কুমার বড়ুয়া।

লক্ষ্মীপুর জেলা সমবায় কর্মকর্তা মো. সালমান ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের কিছু সত্যতা মিলেছে।

এর আগে ২৪ ডিসেম্বর লক্ষ্মীপুর তন্তুবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও আবাসিক ভবন নির্মাণ ও ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের বিষয়ে সংগঠনটির সভাপতি এমএ তাহেরের বিরুদ্ধে ‘স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেন অ্যাডভোটেক রাসেল মাহমুদ মান্না ও দীপংকর চৌধুরী দিপু নামে দুই সদস্য। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সমবায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় প্রধানকে নির্দেশ দেয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সমবায় নীতিমালা অমান্য করে লক্ষ্মীপুর পৌরভার মেয়র এমএ তাহের অবৈধভাবে তিন মেয়াদে লক্ষ্মীপুর তন্তুবায় সমবায় সমিতি লিমিটেডের সভাপতির পদ দখল করেন। গত নির্বাচনে সমবায় আইনের বিধান অনুযায়ী সভাপতি-সম্পাদক পদপ্রার্থীদের মনোনয়নপত্রে সত্যায়ন করার প্রয়োজন থাকলেও অজ্ঞাত কারণে প্রার্থীদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি তিনি। তাই কোনো প্রার্থীই নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে এমএ তাহের নিজেও সভাপতি পদে প্রার্থী না হয়ে কৌশলে আগের কমিটির সদস্যদের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক কমিটি গঠন করেন। সেই পরিচালক কমিটির (কো-অপ্ট) মাধ্যমে পৌর মেয়র তাহের নিজেকে সভাপতি ও তার মনোনীত প্রার্থী মো. তছলিম উদ্দিনকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করেন।

অভিযোগে আরো জানা যায়, লক্ষ্মীপুর শহরে সমিতির উচ্চ মূল্যের স্থায়ী সম্পদ রয়েছে। বিভিন্ন কারণ দেখিয়ে এরই মধ্যে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন অনেক সদস্যকেই বাদ দিয়ে দেয়া হয়। তাছাড়া বিভিন্ন আর্থিক অনিয়মের আশ্রয় নিয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাসপাতাল রোডে সমিতির মালিকানাধীন ৩০ শতাংশ জমি ব্যবহার করে তন্তুবায়-১ টাওয়ার নামে ছয়তলাবিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করা হয়। এসব কার্যক্রমের আয়-ব্যয় সদস্যদের মাঝে উপস্থাপন করা হয় না।

এ ব্যাপারে অভিযোগকারী দীপংকর চৌধুরী দিপু বলেন, মেয়র এমএ তাহেরের অনিয়মের বিষয়ে ৩০ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর আরো একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সংগঠনটিকে রক্ষায় মেয়র তাহেরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে সমবায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও যুগ্ম নিবন্ধক আশিষ কুমার বড়ুয়া বলেন, অনিয়মের অভিযোগের বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়নি। তবে প্রাথমিকভাবে অনিয়মের বিষয়ে অনুসন্ধান করতেই সংগঠনটির কার্যালয় পরিদর্শন করা হয়েছে।

এ বিষয়ে পৌর মেয়র এমএ তাহেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনসংক্রান্ত কাজে তিনি ঢাকা অবস্থান করছেন। পরে সেলফোনে কল দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, লক্ষ্মীপুর তন্তুবায় সমবায় সমিতি লিমিটেড ১৯৪৫ সালে গঠন করা হয়। ওই সময় তাঁত ও বস্ত্র পেশাজীবী প্রায় তিন হাজার সদস্য ছিলেন। বর্তমানে ৮১৩ জন সদস্য রয়েছেন। সংগঠনটির ৮২ শতাংশ সম্পত্তি রয়েছে।