সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়াই ২ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে বেলা ১টার দিকে জেলার উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ৩২ নং রেলসেতু এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।

বেলা ৩টার দিকে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে আটকে পড়া ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটি সরিয়ে নিয়ে উল্লাপাড়া স্টেশনের ২ নং লাইনে রাখা হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আহসানুর রহমান জানান, গতকাল ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ও লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ৩২ নং রেলসেতু এলাকায় পৌঁছলে বেলা ১টার দিকে ট্রেনটির ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২ ঘণ্টা পর লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে আটকে পড়া ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া ট্রেনটি সরিয়ে উল্লাপাড়া স্টেশনের ২ নং লাইনে রাখা হয়। এতে বেলা ৩টার দিকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।