প্রশাসনকে পরিচ্ছন্ন ও সংস্কার করে নির্বাচন দিতে যে সময় লাগবে জামায়াতে ইসলামী দিতে প্রস্তুত আছে বলে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বর্তমান সরকারকে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ জানানোরও অনুরোধ জানান। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। হাসিনা নতুন করে আবার বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে বসে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য রাখছেন। এ উসকানির কারণেই ছাত্র-জনতা ধানমন্ডির বাড়িসহ দেশের ৩৫টি জেলায় হামলা, ভাংচুর করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, হাসিনার শাসনামলে দেশের মানুষের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, সে নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের এখনো বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। তিনি নেতাকর্মীসহ ছাত্রজনতাকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় শান্ত থাকার আহ্বান জানান।
নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফার পরিচালনা ও সঞ্চালনায় শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, সাবেক আমির অধ্যাপক মাওলানা এনামুল হকসহ নেত্রকোনা জেলা ও উপজেলার বিভিন্ন নেতারা।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।
বিকালে সম্মেলন শেষে সাইমুম ও মহানগর শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।










