‘গবেষণায় হাতেখড়ি’ কর্মশালা আয়োজনের মাধ্যমে বগুড়া শহরে স্কুল গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। উত্তরবঙ্গের দিনাজপুর, সৈয়দপুর, রংপুর ও নীলফামারীর পর এবার বগুড়ায় একই ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ায় শহরের বিভিন্ন স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী সেশনে গেস্ট অব অনার ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন আয়োজক সংগঠন চিন্তার চাষের গবেষণা পরিচালক মো. জহির উদ্দিন এবং পরিচালক জাহিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের বগুড়া অঞ্চল সমন্বয়ক মো. অনিক রহমান।

শিক্ষার্থীদের তত্ত্বাবধান সহায়তায় উপস্থিত ছিলেন ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোছা. মারুফা মোস্তারী ও সহকারী শিক্ষক মো. শাহাদত হোসেন, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ফারজানা শারমিন ও প্রতাপ কুমার প্রাং এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার দাস।

কর্মশালায় ক্ষুদে গবেষকরা তাদের চিন্তা ও কল্পনার মিথস্ক্রিয়ায় গবেষণা প্রস্তাব তৈরি করে। এ প্রস্তাবের ওপর ভিত্তি করে পরবর্তী সেশনে গবেষণা পদ্ধতি নির্ধারণ করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত স্কুল গবেষণা কার্যক্রমে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করছে তাদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরা আগামী ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিতব্য দশম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণ করবে। বণিক বার্তা ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সমগ্র আয়োজনে যথাক্রমে বাংলা ও ইংরেজি গণমাধ্যম সহযোগী।