নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ছয়দিন অতিবাহিত হলেও মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমন ক্ষোভে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। গতকাল বেলা ৩টার দিকে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করা হয়। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।পরে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।
মানববন্ধনে নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘আমার মতো কেউ যেন বিধবা না হয়। আমরা সবাই খুনিদের ফাঁসি চাই।’
সোনারগাঁ থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) মাহফুজুর রহমান বলেন, ‘জোড়া খুনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিই। আসামিদের দ্রুত গ্রেফতার করতে থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।’
গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে কাঁচপুর পাঁচপাড়ার বাসিন্দা মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে শফিকুল ইসলাম রনিকে (৩৫) জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করেন আপন চাচাতো ভাই মহিউদ্দিন, মোস্তফা, মামুন, মফিজুল ও মারুফসহ তাদের লোকজন।









