নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবাসহ স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন রানী বেগম (২২) নামে এক গৃহবধূ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হেলপ লাইন ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানান তিনি। পরে পুলিশ গিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ স্বামী পিয়াস মিয়াকে (২৮) আটক করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার স্ত্রী রানী বেগমকে বিভিন্ন অজুহাতে মারধর করতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে তিনি জাতীয় হেলপ লাইন ‘৯৯৯’-এ কল করে স্বামীর মাদক ব্যবসার বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা অভিযান চালায়। এ সময় পিয়াস মিয়ার ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।










