নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) ভোরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি বিসিকের ২নং সড়কের ৫নং গলিতে অবস্থিত লতিফ নিটিংয়ে কর্মরত ছিলেন। তারা হলেন, আশরাফুল (৬৫) ও লাল চাঁদ রায় (৩৫)।
বিসিকের সিকিউরিটি ইনচার্জের বরাতে এবং সিসিটিভি ফুটেজের অনুযায়ী জানা গেছে, সোমবার দিবাগত রাতে দায়িত্বরত অবস্থায় ওই দুই জন কারখানার সামনের রাস্তায় ঘুমিয়ে পড়েছিলেন। রাত দেড়টার দিকে একটি কর্ভাডভ্যান তাদের উপর দিয়ে চলে যায়। ভোরে অন্য সিকিউরিটি গার্ডরা সড়কে তাদের মরদেহ দেখতে পেলে পরে পুলিশে খবর দেয়া হয়।
ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানার এসআই মোদাসসের জানান, বিসিকের ২নং সড়কের ৫নং গলির লতিফ নিটিংয়ের সামনে গাড়িতে পিষ্ট দুই জন নাইট গার্ডের মরদেহ পাওয়া গেছে । তারা লতিফ ডাইংয়ের নাইট গার্ড। নিটিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।










