ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হয়ে ভোটে লড়ে যাবেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল তিনি এ ঘোষণা দেন। নির্বাচনের ব্যয় বহন করতে না পারার কারণে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মাহমুদুর রহমান মান্না। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ ও বগুড়া-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা উল্লেখ করে মান্না আরো লেখেন, ‘এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এ পরিপ্রেক্ষিতে আমি ঢাকা-১৮–এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এ সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’