লক্ষ্মীপুরের রামগঞ্জে পিকআপ ভর্তি টিসিবির পেঁয়াজ হোটেল ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। গত রোববার মধ্যরাতে রামগঞ্জ বাজারের মোহাম্মদিয়া নামে একটি হোটেলে এসব পেঁয়াজ সরবরাহ করে ডিলার। পরে স্থানীয়দের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সরবরাহকৃত পেঁয়াজ ফেরত নেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির রামগঞ্জ পানপাড়ার ডিলার রিফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন পাটোয়ারী সরকারি নির্দেশনা অমান্য করে বাজারের ব্যবসায়ীদের কাছে টিসিবির পণ্য বিক্রি করেন।
স্থানীয়রা জানায়, খোলা বাজারে পেঁয়াজ বিক্রি না করে ডিলার স্বপন পাটোয়ারী গত রোববার মধ্যরাতে রামগঞ্জ বাজার এলাকার মোহাম্মদিয়া হোটেল ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য পিকআপ ভর্তি এক টন পেঁয়াজ নিয়ে যান। এ সময় গাড়ি থেকে পেঁয়াজের বস্তা হোটেলের গোডাউনে নেয়ার পথেই স্থানীয়দের তোপের মুখে পড়ে। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই পেঁয়াজ ভর্তি পিকআপটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে অভিযুক্ত রামগঞ্জ পানপাড়ার ডিলার রিফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন পাটোয়ারীর ছেলে রিফাত বলেন, সংশ্লিষ্ট বিভাগ থেকেই পেঁয়াজগুলো বিক্রির জন্য বলা হয়েছে। ভোক্তারা ক্রয় করেন না। তাই অন্যত্র বিক্রি করে দেয়া হচ্ছে।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, টিসিবির পণ্য ব্যবসায়ীদের কাছে বিক্রির নিয়ম নেই। খোলা স্থানে পণ্য বিক্রির ক্ষেত্রে আগেই টিসিবি সংশ্লিষ্টরা উপজেলা অফিসের সঙ্গে সমন্বয় করে থাকে। তবে রোববার রাতে হোটেলে পেঁয়াজ বিক্রির বিষয়ে কেউ জানায়নি। টিসিবির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হবে।










