ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও নগদের ব্যবহার কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’-এর নাম পরিবর্তন করে ‘বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট’ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) বাংলা কিউআরভিত্তিক লেনদেন বাড়াতে একগুচ্ছ নির্দেশনা দেয়া হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ মার্চ জারি করা পিএসডি-১ সার্কুলার নং-০২ এর ধারাবাহিকতায় ব্যাংক, এমএফএস, পিএসপি এবং পিএসও-এর প্রধান কার্যালয়ে গঠিত ক্যাশলেস বাংলাদেশ ইউনিটের নাম পরিবর্তন করে বাংলা কিউআর বাস্তবায়ন ইউনিট করতে হবে।
সব ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপে গ্রাহক নিবন্ধন বাড়াতে হবে এবং বাংলা কিউআর-এর মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা চালু রাখতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের হোমপেজে বাংলা কিউআর পেমেন্ট অপশন দৃশ্যমান রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ব্যাংকগুলোর সব ট্রেড লাইসেন্সধারী রিটেইল হিসাবধারীকে বাংলা কিউআর চ্যানেলে অনবোর্ড করতে বলা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩ জুনের মধ্যে গ্রাহক নিবন্ধন বৃদ্ধি এবং বাংলা কিউআর চ্যানেলে নতুন মার্চেন্ট অনবোর্ডিংয়ের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাসহ কর্মপরিকল্পনা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত। ব্যাংকের প্রতিটি শাখায় একজন কর্মকর্তাকে ‘বাংলা কিউআর ব্র্যান্ডিং কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে জারি করা নির্দেশনাগুলো এবং ১ এপ্রিলে পিএসডি-১ সার্কুলার লেটার নং-০১ এর নির্দেশনাও বহাল থাকবে। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা এবং বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণকে আরো গতিশীল করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।










