রাজধানী ঢাকার হাতিরঝিলে সম্প্রতি রাইড শেয়ারিং অ্যাপস উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এ ঘটনায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে রামপুরা থানায় একটি মামলা করেছেন তিনি। আর মামলার পরদিন রোববার (২৬ জানুয়ারি) সকালে সেই চালককে গ্রেফতার করেছে পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ সংবাদমাধ্যমকে বলেছেন, উবারচালক মো. রকিকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তার রিমান্ডের জন্য আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গত ২১ জানুয়ারি ফেসবুকে নিঝুম রুবিনা হাতিরঝিল রাইড শেয়রিং চালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার আচরণ নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। সেখানে তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বর্ণনা দেন তিনি। তখন জানান, গাড়িচালক অন্যপথে যাওয়ায় একপর্যায়ে গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করেন। একসময় গাড়ির গতি কিছুটা কম মনে হওয়ায় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়েন নিঝুম রুবিনা।
প্রসঙ্গত, সবশেষ ‘লিপস্টিক’ সিনেমায় দেখা গেছে অভিনেত্রী নিঝুম রুবিনাকে। ২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ডেবিউ হয় তার। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’ ও ‘বেসামাল’ সিনেমায় দেখা গেছে তাকে।










