বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
আমীর খসরু বলেন, আমরা বলব তারেক রহমান সহসাই ফিরবেন। তার বাড়ি, অফিস সব প্রস্তুত। এমনকি দেশে ফেরার বিষয়ে তার পরিকল্পনাগুলো তার নিজের ও দলের পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং তারেক রহমান যে কোনো সময়ই দেশে ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায়, তারা ছড়াবেই।
ডা. জুবাইদা রহমানের রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি ভালো বলতে পারবেন। তবে আমরা জানি তারেক রহমান বিএনপির নেতৃত্বে আছেন। তিনি দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন। আগামীতে যদি আমরা জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করতে পারি, তার নেতৃত্বেই মন্ত্রিসভা গঠিত হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এটা কোনো ইস্যু নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তার বিদেশ যাত্রা নিশ্চিত হবে। ডাক্তাররা সেই মোতাবেক আলাপ-আলোচনা করছেন। পরিস্থিতি বুঝেই তারা সিদ্ধান্ত নেবেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাই যত তাড়াতাড়ি একটি নির্বাচিত সরকার ফিরিয়ে আনা যায়, দেশের জন্য ততই মঙ্গল। কারণ, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। সেখান থেকে বের করে এনে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের নেতা-কর্মীরা ভোটের অধিকার নিশ্চিত করতে এতদিন ধরে বহু ত্যাগ স্বীকার করে এসেছে।










