সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর পল্টনে এক রিকশাচালক হত্যা মামলায় শুনানি শেষে গতকাল বিকালে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম।

এদিন আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. ইউসুফ। আসামিদের রিমান্ড আবেদন বাতিল চান আসামি পক্ষের আইনজীবী আতাউর রহমান। শুনানি শেষে বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে বুধবার রাতে ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশের ভাষ্য।

সরকার পতনের পরদিন ৬ আগস্ট পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়ার খবর আসে। সেই ঘটনার আটদিন পর গত বুধবার রাতে পলককে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ। বুধবার তার সঙ্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার টুকুকেও গ্রেফতার করার কথা জানায় পুলিশ।