নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, আমরা সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। নির্বাচন কমিশনের ওপর কোনো ডিরেকশন নেই। আমরা শতভাগ স্বাধীন। সঠিক কাজটাই আমরা করব। আমি যে বক্তব্য দেব, তা বাস্তবায়ন করব এবং আপনাদের আস্থা অর্জন করব। আমাদের ওপর অনেকের আস্থা আছে, অনেকের নেই।
গতকাল দুপুরে যশোরের চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে এ ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। যদি আমরা ইভিএম ব্যবহার করি, তাহলে কোনোক্রমে কোনো ভুয়া ভোটার ভোট দিতে পারবে না। আমি নিরপেক্ষ, সবার জন্য সমান। আমরা নিরপেক্ষ প্লাটফর্ম, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করব ইনশাআল্লাহ। আমাদের ওপর কোনো বাধা
নেই, কোনো ডিরেকশন নেই। প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি জাতীয় স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলী। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী প্রমুখ।










