বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে। এটি দ্রুতই দৃশ্যমান হবে। আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিএটর ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সোজা নয়। দেশের টাকা যে পাচার হয়েছে এটা জানতেই ১৬ বছর লেগেছে। আনতে ১৬ বছর লাগবে না, অনেক তাড়াতাড়ি হবে, যারা কাজ করবে তারা এক্সপার্ট।

সরকারের এক মাসে বাজার ব্যবস্থাপনায় কী পরিবর্তন এসেছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার আলু ও পেয়াজের ট্যাক্স তুলে দিয়েছে। এটার ফলে বাজারে সঙ্গে সঙ্গেই দাম কমে যাবে না, রিফ্লেক্ট (প্রতিফলন) করতে সময় লাগে। মিডলম্যান ও চাঁদাবাজি কমানোর চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনকে বলেছি মনিটরিং জোরদার করতে। আবার বেশি চাপাচাপি করলে ব্যবসা বাধাগ্রস্ত হবে। এটা (পণ্যমূল্য) কমবে। ভোক্তার যেন কষ্ট না হয়— সে জন্য ব্যবসায়ীদের বলেছি বেশি প্রফিট (লাভ) করা যাবে না।

এক মাসে আর কী অর্জন— এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে কনফিডেন্সের (আস্থার) অভাব ছিল। এই সেক্টরে কনফিডেন্স ফিরিয়ে আনা হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে টাস্কফোর্স হবে। এনবিআর ইমিডিয়েটলি একটি টাস্কফোর্স করবে। বিদেশে অনেক বাঙালি যোগ্য বিশেষজ্ঞ আছেন, প্রয়োজনে তাদের কাজে লাগানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চলতি অর্থ বছরে সম্ভাব্য রফতানি প্রবৃদ্ধি লক্ষ্য ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অবস্থা মোটামুটি ভালো,ইতিবাচক। আশা করি এটা হবে।

জিএসপি সুবিধা বাংলাদেশ ফিরে পাবে কিনা এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, জিএসপির ব্যাপারে আমেরিকা কিছু কোয়ারি দিয়েছে, তার উত্তর দিয়েছি। এমাসেই ওয়াশিংটন যাব, সেখানে তাদের সঙ্গে ফেস টু ফেস কথা হবে। কী কী শর্ত আছে তা নিয়ে বিস্তারিত কথা হবে।

২০২৫ সালের বাণিজ্য মেলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জানুয়ারিতেই বাণিজ্য মেলা হবে। শুরুতেই না হলেও কাছাকাছি ডেটেই (তারিখ) হবে। এবার মেলায় ইনোভেটিভ দিক থাকবে উল্লেখ করে তিনি বলেন, যারা এক্সপোর্ট করে বা এক্সপোর্ট পটেনশিয়ালটি আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করব। আমরা দেশীয় পণ্যের এক্সপোর্ট এনকারেজ করব।