ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি।
গতকাল সকাল ৭টার দিকে উপজেলার শ্যামকুড় বিওপির মুন্ডুমালা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও এক শিশু রয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর থানা, নড়াইলের কালিয়া উপজেলা, ঢাকার লালবাগ থানা, চট্টগ্রামের বুচপুর, সাতক্ষীরা সদর ও যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে কিছু বাংলাদেশী ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করেছে, এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলার মুন্ডুমালা গ্রামের ইটভাটার সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।










