ব্যক্তিমালিকানাধীন জমি থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গতকাল সকালে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেতিল বাজারে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম মাস্টারের সভাপতিত্বে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম জাহিদ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ সিকদার, গোলাম হোসেন, রজব আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, মনসুর আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ কর্মসূচিতে চরের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ যমুনার চরের ব্যক্তিমালিকানাধীন জমি থেকে জোরপূর্বক ড্রেজার দিয়ে বালি উত্তোলন করছেন।
এ বিষয়ে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ বলেন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা সার্বিক অবস্থা দেখে নতুন বালুমহাল স্থাপন করেন। সেখানে আমার সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না। আমাকে হেয় করতে এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।










