পর্যটন শহর কক্সবাজারে গত কয়েকদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে শুক্রবার থেকে গতকাল পর্যন্ত বৃষ্টিতে অনেকটা তলিয়ে গেছে রাস্তাঘাটসহ শহরের বিভিন্ন এলাকা। একই সঙ্গে হাঁটু পর্যন্ত পানি উঠেছে বাজারঘাটা, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, আলীরজাহাল, কলাতলীসহ শহরের নিম্নাঞ্চলে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। শুধু সড়কে নয়, অলিগলি উপচে বাসা ও দোকানপাটেও পানি প্রবেশ করে। অনেক দোকানের নিচেও জমে গেছে হাঁটুপানি। এ অবস্থায় কক্সবাজারে পাহাড়ধসের আশঙ্কায় মাইকিং করেছে জেলা প্রশাসন ও পৌরসভা।
গতকাল বিকালে কক্সবাজার পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী, গরুর হালদা এলাকার পাহাড় কাটার কয়েকটি স্থান পরিদর্শন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও প্রশাসনের কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ বসবাস—এমন বর্ষণমুখর দিনে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে এলাকাবাসীকে তাগিদ দেন পৌরসভার প্রধান নির্বাহী তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল, কক্সবাজার পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র হেলাল উদ্দিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু ও শাহাবুদ্দিন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহিদ ইকবাল বলেন, ভারি বর্ষণে ভূমিধসে প্রাণহানি ঘটতে পারে, তাই লোকজনকে পাহাড় ছাড়তে অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে। স্বেচ্ছায় তারা সরে না এলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।










