কক্সবাজার সমুদ্রসৈকতে একসঙ্গে গোসলে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সৈকতের কলাতলী সায়মন বিচ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

তাদের মরদেহ উদ্ধারকারী সি-সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, ‘বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর দুজনই প্রচুর রক্তবমি করেন। একপর্যায়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানায়, সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।