কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে স্বেচ্ছায় দশম দফায় আরো ৭১৮ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে ১৩টি বাসে তারা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হন।

জানা গেছে, দুপুরে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হতে রোহিঙ্গাদের নিয়ে প্রথমে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশি নিরাপত্তায় রোহিঙ্গাদের বহনকারী যানগুলোর সঙ্গে রয়েছে একটি অতিরিক্ত খালি বাস ও অ্যাম্বুলেন্স।

চট্টগ্রামে প্রয়োজনী কার্যক্রম শেষ হওয়ার পর এসব রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে। তাদের সোমবার দুপুরে তাদের ভাসানচরে পৌঁছার কথা রয়েছে। আরো কিছু রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য রাজি হয়েছেন। তাদের পাঠানোর প্রক্রিয়া চলছে।

সরকারি তথ্য অনুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে নৌবাহিনী।