বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জুলাই যোদ্ধাদের স্মরণ করে বলেছেন, ‘যাদের রক্তের বিনিময় এমন উৎসবমুখর পরিবেশ এসেছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরহুম জিয়াউর রহমানকে। গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকেও স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। গণতন্ত্রের জন্য জীবনের সুবর্ণ সময় বিসর্জন দেয়া তারেক রহমানকেও স্মরণ করছি শ্রদ্ধাভরে। সবার আত্মত্যাগের কারণেই আজকে এসেছে গণতন্ত্র। ফিরেছে এমন উৎসবমুখর দিন।’
গতকাল চট্টগ্রামে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আমীর খসরু অবশ্য নিজেকে ভোট দিতে পারেননি। চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও তিনি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের ভোটার। সেখানেই ভোট দিয়েছেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
গতকাল দুপুর ১২টার দিকে ছেলে ইস্রাফিল খসরুকে নিয়ে উত্তর কাট্টলি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান আমীর খসরু। ভবনের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দিয়ে নিচে এসে ব্যক্ত করেন প্রতিক্রিয়া।
আমীর খসরু চৌধুরী বলেন, ‘জাতির ক্রান্তিকালে মানুষ সবসময় আস্থা রেখেছে বিএনপির ওপর। এবারো সেটার প্রতিফলন হবে ভোটের মাধ্যমে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সন্তোষজনক। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে বিপুল মানুষ। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমরা।’
ভোটের পরিবেশ সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখানে আসার আগে বেশকিছু কেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় ভোটারের দীর্ঘ লাইন। মানুষের মনের কথা যদি ব্যালটে ঠিকঠাকভাবে প্রতিফলিত হয়, ভোট বিপ্লব হবে এবার।’
ফলাফল যাই হোক মেনে নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জনগণের মতামতের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। কিন্তু জনমত যাতে প্রতিফলিত হয়, শেষ পর্যন্ত সেদিকে নজর রাখতে হবে সবার।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি বারবার সংকট থেকে এ দেশের উত্তরণ ঘটিয়েছে। জনগণ চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিক, সরকার গঠন করুক। দেশের এ সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলছেন, বারবার তা বাস্তবায়নের দিকে যেন আমরা যেতে পারি।’










