নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় খুরশিদ (৬৩) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

আজ রোববার (১ নভেম্বর) ভোর ৪টায়  উপজেলার কালাপাহাড়িয়া মধ্যাচর এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, মাঝ রাত থেকে খুরশিদ ও তার দুই সঙ্গী মিলে ছোট নৌকায় করে মেঘনা নদীতে মাছ ধরছিলেন। ভোরের দিকে মাছ ধরার একটি বড় ট্রলার খুরশিদের নৌকাটিকে ধাক্কা দেয়। তিন জনই নদীতে পড়ে যান এবং খুরশিদের মাথায় আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে ও তার দুই সঙ্গীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে খুরশিদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর দুজন হলেন শাহজাহান ও তার ছেলে সিরাজ।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ট্রলারের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এই ব্যাপারে ব্যবস্থা নিতে খাগকান্দা নৌ-পুলিশকে অবগত করা হয়েছে।