চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর অমানুষিক হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

আজ সোমবার (২৭ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহবিষয়ক সহসম্পাদক শহিদুল ইসলাম কবিরের পাঠানো সংবাদ বিবৃতিতে রেজাউল করিম বলেন, ‘আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। আওয়ামী ফ্যাসিবাদীরা পালিয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল যেভাবে নারী শিক্ষক ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের ওপর হামলে পড়ে নির্যাতন চালিয়েছে, তা দেশবাসীকে হতবাক করেছে। একটি সভ্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে হামলা ও নির্যাতন করতে পারে না।’

তিনি বলেন, ‘ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে এ জুলুমের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা জনদাবিতে পরিণত হয়েছে। আগামী দিনে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে সতর্ক হতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকেরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করার পরও তাদের যৌক্তিক সমস্যার সমাধান না করা দুঃখজনক। অতীতের সরকারগুলো এগুলো সমাধান না করে আকুণ্ঠ দুর্নীতিতে নিয়োজিত থেকে নিজেরা আঙুল ফুলে বটগাছ হয়েছে।’

তিনি আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করে ক্লাসরুমে ফিরিয়ে দেয়ার পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।